গুলিবিদ্ধ রোহিঙ্গার ঘর গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১০:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে গ্রেনেড সদৃশ বস্তুর সন্ধান পেয়েছে এপিবিএন। এ সময় ঘরের মালিক রোহিঙ্গা মোহাম্মদ নবীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আহত ওই ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট বি-৩৯ ব্লকের বাসিন্দা মোহাম্মদ কাশিমের ছেলে মোহাম্মদ নবী।

গুলিবিদ্ধ নবী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

শুক্রবার দুপুরে তার ঘর থেকে গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, গত কয়েক দিন ধরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দিন-রাত সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটছে। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে বলে ওই ক্যাম্পের এক সাব মাঝি জানিয়েছেন। বর্তমানে আশপাশের রোহিঙ্গা ক্যাম্পেও আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা ঝুপড়ি থেকে বের হচ্ছে না।

জানা গেছে, একদল দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া ঘরের মালিক মোহাম্মদ নবী। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার বিকেলের দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর বি-৩৯ এলাকায় কথিত আরসা সদস্যদের ১০-১২ জনের একটি দল প্রবেশ করে ৫-৭ রাউন্ড গুলি করে। এতে নবী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ঘরে গ্রেনেডসদৃশ বস্তুটি পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) ইনচার্জ (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমীর জাফর বলেন, ক্যাম্পের একটি বাসায় গ্রেনেডসদৃশ বস্তু দেখে আপাতত আমরা বসতঘরটি ঘিরে রেখেছি। সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে সেনাবাহিনীর বিশেষজ্ঞ বিস্ফোরক দলকে ডাকা হয়েছে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত