আজ বাইডেনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা আসছেন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০২:০১ এএম

চার দিনের সফরে আজ শনিবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা (বিশেষ সহকারী) এবং হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার। এদিকে দুই দিনের সফরে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর।

জো বাইডেনের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা আইলিন লাউবাচার ঢাকা সফরের প্রথম দিনেই সফরসঙ্গীদের নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ঢাকায় ফিরে তারা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পর্যায়ে বৈঠক করবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন বাইডেনের উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফরকালে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র বলছে, বাইডেন প্রশাসনের দায়িত্বে থাকা উভয় নীতিনির্ধারকের সঙ্গে বৈঠকে মানবাধিকার, গণতন্ত্র, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি শ্রম অধিকার, দরপত্র প্রতিযোগিতায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বিষয়গুলো আলোচনা হবে। এ ছাড়া র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি পুনর্বহাল, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রতিরক্ষা, জলবায়ু, রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্ব দেবে ঢাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত