পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর রিকশাচালক মামুন হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যায় দায়ের মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী পৌর পরিষদ।
সোমবার দুপুরে ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন হয়।
পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম এতে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে কামাল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে তিনি বলেন, গত বুধবার শহরের কড়ইতলা এলাকায় লেগুনা ও ভটভটির বেপরোয়া গতিতে চলাচলের বিষয় নিয়ে অপ্রত্যাশিতভাবে রিকশাচালক মামুন গুলিবিদ্ধ হয়ে খুন হয়। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
লিখিত বক্তব্যে প্যানেল মেয়র আবুল হাশেম আরো বলেন, হত্যাকাণ্ডের সময় পৌর কাউন্সিলর কামাল উদ্দিন ঘটনাস্থলে ছিলেন না, অথচ সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে কাউন্সিলর কামাল উদ্দিনের মুক্তি দাবি করছি। সেই সঙ্গে হত্যাকােণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র ছাড়াও কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, মোছা. ফরিদা ইয়াসমিন, মো. ইউছুফ আলী, মো. আমিনুর রহমান, মো. মনিরুল ইসলাম সাবু, মো. আবু জাহিদ উজ্জল, মো. আব্দুল লতিফ মিন্টু, মোছা. রহিমা খাতুন, মোছা. ফিরোজা বেগম, মো. ওয়াকিল আলম উপস্থিত ছিলেন।
