২০ মাস ধরে সন্তানের অপেক্ষায় রাশিদা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪৭ এএম

‘মোর নাড়িছেঁড়া ধন তুই কোটেরে বাবা। কতদিন তোর সোনামুখ দেখং না। মোর মানিক তুই কোটে গেলুরে’ বলতে বলতে ক্ষণে ক্ষণে বেহুঁশ হয়ে যান রাশিদা বেগম। শিশু সন্তানের দিকে চেয়ে এক দুই নয়, ২০টি মাস পার করেছেন তিনি। কিন্তু ১২ বছরের রবিউল ইসলাম মায়ের কোলে ফিরে আসেনি। গত ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে রবিউল।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক তৌহিদুল ইসলাম ও রাশিদা বেগমের দ্বিতীয় সন্তান রবিউল ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

তৌহিদুল ইসলাম বলেন, ‘আমার শিশুসন্তান নিখোঁজ হওয়ার পর ফুলবাড়ী থানায় ডায়েরি এবং পরে চারজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। নিখোঁজ হওয়ার প্রায় ২০ মাস কেটে গেল। ছেলের কোনো সন্ধান পাইনি। ওর মা ছেলের শোকে কাতর। ঠিকমতো খাওয়া-দাওয়া করে না। সারাক্ষণ ছেলের নাম ধরে বিলাপ করে। তার আহাজারি আর সহ্য হয় না।’

অভিযোগের তদন্ত কর্মকর্তা ফুলবাড়ী থানার এসআই খোরশেদ আলম বলেন, ‘নিখোঁজ শিশুটি উদ্ধারে সীমান্তবর্তী থানাসহ দেশের সব পুলিশ স্টেশনে শিশুটির সব তথ্য পাঠানো হয়েছে। এছাড়া পিবিআই ও গোয়েন্দা সংস্থাকে শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনা জানানো হয়েছে। তাকে উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত