‘ধাক্কা দিলেই আওয়ামী লীগ পড়ে যাবে তা হবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘ধাক্কা দিলে যদি না পড়েন তাহলে, যা করলে পড়বেন বিএনপি তাই করবে ইনশা আল্লাহ।’
বুধবার ময়মনসিংহ দলীয় কার্যালয়ের পাশে হরিকিশোর রায় রোডে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংসদ বিলুপ্ত করে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফকরউদ্দিন আহম্মেদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে কর্মসূচিতে যোগদান করেন।
অবস্থান কর্মসূচির চারদিকে বিপুল পুলিশ মোতায়েন ছিল। কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে নগরীর গোলপুকুরপাড় এলাকায় কর্মসূচিমুখী নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সমর্থক ও ছাত্রলীগের হামলা করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নগরীর জুবিলি ঘাট এলাকায় কিশোরগঞ্জ থেকে আগত নেতাকর্মীদের বহনকারী দু’টি বাসে আওয়ামী লীগ সমর্থকরা হকিস্টিক ও দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় দু’টি বাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা বাসের হেলপাড়সহ বিএনপির কয়েকজন নেতাকর্মীকে মারধর করে বলে জানা যায়।
