ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইনের বাধা কাটছে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১২:৫৩ এএম

ভূমি সংক্রান্ত জটিলতায় আটকে থাকা ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্পের বাধা অবশেষে কাটছে। প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন শেষে গতকাল শনিবার রেলমন্ত্রী নুরুল ইসলাম ঢাকার কমলাপুর থেকে চাষাড়া হয়ে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত ডাবল লাইন করার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এদিন দুপুরে চাষাড়া ও নারায়ণগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী লেভেল ক্রসিং গেট টি২ এবং টি১ পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতা সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

এসময় মন্ত্রী বলেন, সড়কের কিছু অংশ নিয়ে আমাদের ডাবল লাইন করতে হচ্ছে। সশরীরে এটা দেখার জন্য আমি এসেছি। যা দেখলাম, সড়কের খুব বেশি একটা সমস্যা হবে না বলে আমার ধারণা। আমার সঙ্গে মেয়র মহোদয় নিজেও দেখেছেন।

তিনি বলেন, থিওরিটিকালি এ কাজটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আমার মনে হয় সেটা হবে না। এ রেললাইন নারায়ণগঞ্জের মানুষের জন্যেই হচ্ছে। এ ডাবল লাইন হলে প্রতিদিন কমপক্ষে পঞ্চাশটি ট্রেন চলতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত