মোবাইল অপারেটররা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিটিআরসি) প্রকৃত পাওনা না দিয়ে আংশিক পরিশোধ করে আসছিল। কোম্পানিগুলো বিটিআরসির ১০০ টাকা পাওনার মধ্যে ৮৫ টাকা এবং এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট আকারে অন্তর্ভুক্ত করে প্রদান করেছিল। এখন আপিল বিভাগের রায়ের ফলে অবশিষ্ট পাওনা মোবাইল অপারেটরদের পরিশোধ করতে হবে।
গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেশের তিন মোবাইল অপারেটরকে বিভিন্ন ফি ও মূল্য সংযোজন কর পরিশোধের আদেশ প্রসঙ্গে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংবাদ সম্মেলনে পাওনা পরিশোধ নিয়ে কথা বলেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কু-ু জানান, গত ২২ নভেম্বর পর্যন্ত তিন মোবাইল অপারেটরের কাছে বিটিআরসির পাওনা দাঁড়িয়েছে ২ হাজার ৪১৩ কোটি টাকা। এরমধ্যে গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১ হাজার ১৬৪ কোটি টাকা, বাংলালিংকের ৬২৫ কোটি টাকা, রবির কাছে ৫৬৫ কোটি টাকা, এয়ারটেলের কাছে ৫৯ কোটি টাকা।
লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন বলেন, মোবাইল অপারেটররা বিটিআরসির পাওনা বাবদ প্রকৃত টাকা প্রদান না করে ১৫ শতাংশ ভ্যাট আকারে অন্তর্ভুক্ত করে প্রদান করেছিল। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংশ্লিষ্ট অপারেটরদের কাছ থেকে প্রাপ্য আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিটিআরসির চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, অপারেটরদের অবশ্যই পাওনা টাকা দিতে হবে। বিটিআরসি এ দেশে টেলিযোগাযোগ খাতকে একটি সময়োপযোগী খাত হিসেবে তুলে ধরতে চায়, সেবার মানোন্নয়নে মনিটরিং -এর পাশপাশি রাজস্ব আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
