৩ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম

নারায়ণগঞ্জে এক কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ মাসুম সরকার (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য তিন কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় বন্ধু পরিবহন বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুরের হাসান আলী সরকারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর রামপুরা এলাকার হাজিপাড়ায় বসবাস করেন। সোমবার (১৬ জানুয়ারি) পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৫ জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুম সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছেন, আরেক ব্যক্তি তাকে এই মাদকদ্রব্য (হেরোইন) দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে অগ্রগতি জানানো হবে। এ ঘটনায় আরও কে কে জড়িত এবং তিনি মাদকদ্রব্য নিয়ে কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে অনুসন্ধান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত