রাজধানীতে গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৯:৩৬ পিএম

রাজধানীর মুগদা মান্ডার একটি বাসা থেকে পলি বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম আক্তার সরদার জানান, খবর পেয়ে দক্ষিণ মান্ডায় পেয়ার আলী গলির একটি বাসার বাথরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। বাথরুমের ভেতর কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় ছিলেন তিনি।

এসআই জানান, তার স্বামী শহিদুল ইসলামের সঙ্গে আনুমানিক ২০ বছর যাবৎ কোনো সম্পর্ক নেই। একমাত্র ছেলে ইমরান হাসানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এ কারণেই সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে যেকোনো সময় বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে মৃত পলি বেগমের ছেলে ইমরান হাসান জানান, তিনি নিজে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি মাকে বাসায় রেখে কাজে চলে যান। এরপর বিকেলে খবর পান, তার মা বাথরুমের দরজা খুলছেন না। তখন তিনি বাসায় গিয়ে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত