মনের বন্ধুর অ্যাপে মিলবে মনের খবর

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম

মনের বন্ধু মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এ কেন্দ্রটিতে মানসিক, পারিবারিক, সামাজিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মনোবিদের পরামর্শ পাওয়া যায়। মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি ‘মনের বন্ধু’ নামে অ্যাপ চালু করেছে। লিখেছেন অরণ্য সৌরভ

অ্যাপ চালুর গল্প

২০১৬ সাল থেকে সহজে ও সুলভে বাংলাদেশের সব মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করছে মানসিক স্বাস্থ্যসেবাদানকারী স্টার্টআপ মনের বন্ধু।

প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের কাছে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে অ্যাপ তৈরি করেছেন। ইংরেজি ভাষায় অনেক অ্যাপ থাকলেও বাংলা ভাষাভাষী মানুষের জন্য বাংলায় তৈরি করা হয়েছে অ্যাপটি। প্রতিষ্ঠানটি সরাসরি ও অনলাইনে কাউন্সেলিং সেবা, কর্মশালা, প্রশিক্ষণ সেবা প্রদানের পাশাপাশি সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে। এ ছাড়া কালারস এফএতে ৬৫০-এর বেশি মানসিক স্বাস্থ্য নিয়ে তৈরি করেছে পর্ব।

মনের বন্ধুর সেবা নানাভাবে বাংলাদেশের ৪০ লাখের বেশি মানুষের কাছে পৌঁছেছে বলে জানান মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা। তিনি বলেছেন, ‘আমাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের গবেষণায় নতুন করে মনের বন্ধু অ্যাপটাকে সাজিয়েছি। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, তারা যেন দ্রুত অভিজ্ঞ ও প্রশিক্ষিত কাউন্সেলরের কাছ থেকে সেবা নিতে পারে। শুধু মানসিক সমস্যা নিয়েই কথা বলবে এমন নয়, প্রতিদিন কীভাবে ভালো থাকতে হবে, মনের যত্ন নিতে হবে, ঘুম না এলে কী করবে, আত্মবিশ্বাস কীভাবে বাড়াবেসবই আছে মনের বন্ধু অ্যাপে।’

অ্যাপের মাধ্যমে যেসব সেবা

অ্যাপে শুরুতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা যাবে। এ ছাড়া লগ ইন করার পর মনের বন্ধুর প্রশিক্ষিত ও অভিজ্ঞ মনোবিদ, বিশেষজ্ঞ, সাইকো সোশ্যাল কাউন্সেলরদের কাউন্সেলিং সেশন বুক করা যাবে। যারা মেডিটেশন করতে চান, নিজের দিকে ফোকাস করতে চান, সেগুলো বাংলায় নির্দেশনা তৈরি করা আছে। প্রত্যেকে নিজে শুনে শুনে চর্চা করতে পারবে। স্ট্রেস বা চাপ কমানোর কৌশল, অডিও রয়েছে অ্যাপটিতে। তৌহিদা শিরোপা বলেছেন, ‘মানসিক স্বাস্থ্যের নানা বিষয় নিয়ে প্রতিদিনের ভালো থাকা নিশ্চিত করতে, মনের যত্ন নেওয়া, সম্পর্ক উন্নয়নের জন্য টিপস ও ট্রিকস আছে। যাদের ঘুমের সমস্যা, তাদের জন্য ভালো ঘুমের টিপস, লেখা ও অডিও-ভিডিও আছে। শিশুদের জন্য ঘুমপাড়ানি গল্প পাবেন এখানে। একই সঙ্গে শরীর ও মনের সুস্থতার জন্য হালকা ব্যায়ামের ভিডিও আছে, যা ঘরে বসে যে কেউ করতে পারবেন।

নিজের উন্নতি বা সেলফ গ্রোথ কীভাবে হবে, তার নিয়ম বলা আছে। আরও আছে জার্নালিং, ই-শপ যা শিগগিরই চালু করা হবে।’

অ্যাপ নিয়ে প্রত্যাশা

মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তৌহিদা শিরোপা বলেন, ‘এই অ্যাপের সাহায্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছানোর জন্য নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তি নিয়ে কাজ করছি। খুব তাড়াতাড়ি অন্যান্য দেশের মানুষ লগ ইন করতে পারবে এবং অ্যাপলের জন্য তৈরির কাজ চলছে। মনের বন্ধু অ্যাপ মানুষের প্রতিদিনের ভালো থাকার সঙ্গী হবে, একজন মানুষও যেন মন খারাপ করে না থাকে, সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই আমরা। আমাদের অ্যাপের সেবা নিয়ে মানুষ উন্নত ও সত্যিকার অর্থে স্মার্ট হবে।’

মনের বন্ধু অ্যাপ ডাউনলোড লিংক : https://lnkd.in/gzQHQj-g

×
সর্বশেষ সর্বাধিক পঠিত