বিশ্বজুড়ে সাংবাদিক হত্যা বেড়েছে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১২:০৬ এএম

জাতিসংঘের সংস্থা ইউনেস্কো জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে ৮৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। টানা তিন বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা আবার বেড়েছে। ২০১৯ থেকে ’২১ সাল পর্যন্ত ৫৮ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। ২০১৮ সালে ৯৯ সাংবাদিককে হত্যা করা হয়েছিল। ২০২২ সালে মেক্সিকোতে সবচেয়ে বেশি ১৯ জন সাংবাদিককে হত্যা করা হয়। এ ছাড়া ইউক্রেনে ১০ ও হাইতিতে ৯ জন প্রাণ হারিয়েছেন। তিন-চতুর্থাংশ সাংবাদিক সংঘাত চলছে না এমন জায়গায় খুন হয়েছেন। ৮৬ জনের মধ্যে অর্ধেকের বেশি সাংবাদিক লাতিন আমেরিকান অঞ্চলের। সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সংঘাত ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকরা হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন। ইউনেস্কো বলছে, সাংবাদিক হত্যায় দায়মুক্তির হার প্রায় ৮৬ শতাংশ, যা ‘আশ্চর্যজনকভাবে খুবই বেশি’। এ হার গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রাণহানি ছাড়াও গত বছর সাংবাদিকরা আরও নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে আছে গুম, অপহরণ, জোরপূর্বক আটকে রাখা, মামলা দিয়ে হয়রানি ও অনলাইন সহিংসতার শিকার হওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত