বগুড়ার দুটি আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে তার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
হিরো আলমের রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ফলে ওই নির্বাচনে হিরো আলমের অংশ নিতে বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে গত সোমবার এ রিট আবেদনটি করেছিলেন হিরো আলম। আদালতে তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কাজী রেজাউল হোসেন ও মো. ইয়ারুল ইসলাম।
গত ১১ ডিসেম্বর বগুড়া-৬ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও একই দলের বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন। পরে এ দুটি আসন শূন্য ঘোষণা করা হয়। দুই আসনে উপনির্বাচনে জন্য ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের উদ্দেশ্যে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ দুই আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। কিন্তু মনোনয়নপত্রে ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে ১০ ভোটারের স্বাক্ষরে অসংগতির অভিযোগ করে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করলে গত রবিবার সেটিও খারিজ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হন হিরো আলম।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ করে ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। মনোনয়নপত্র গ্রহণ করে হিরো আলমকে প্রতীক দিতে নির্দেশনা এসেছে। তার নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’
