হেলিকপ্টার বিধ্বস্তে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী শিশুসহ নিহত ১৪

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০২:০৪ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, উপ-স্বরাষ্ট্রমন্ত্রী, এক শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে কিয়েভের উত্তর-পূর্বের ব্রোভারি শহরে একটি নার্সারি স্কুল ও আবাসিক ভবনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মনাস্তিরস্কি, তার ডেপুটি ইয়েভহেনি ইয়েনিন এবং মন্ত্রণালয়ের রাজ্য সেক্রেটারি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের পুলিশপ্রধান। ৪২ বছর বয়সী দেনিস মনাস্তিরস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দীর্ঘদিনের রাজনৈতিক উপদেষ্টা বলে জানিয়েছে বিবিসি। ২০২১ সালে দেনিসকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন জেলেনস্কি।

কিয়েভের আঞ্চলিক গভর্নর অ্যালেক্সি কুলেবা প্রথমে ১৮ জন নিহতের কথা জানালেও পরে জরুরি বিভাগ এ ঘটনায় ১৪ জন নিহত এবং কয়েক শিশুসহ ২৫ জন আহতের খবর নিশ্চিত করে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দুর্ঘটনার সময় ওই এলাকার আকাশ অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি প্রথমে শিশুদের স্কুলের ওপর আছড়ে পড়ে এবং পাশের আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে হেলিকপ্টার বিধ্বস্তের সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে আপাতদৃষ্টিতে একে দুর্ঘটনা বলে জানানো হয়েছে। ইউক্রেনও এ ঘটনায় কোনো রুশ সংশ্লিষ্টতার কথা বলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত