শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি কাঠের বাগান থেকে ধারালো অস্ত্রের আঘাতে নিহত রফিক মিয়া (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। আজ ভোরে প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি কাঠের বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। রফিক ওই ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের বাসিন্দা মৃত শাহ ফকিরের ছেলে।
নিহতের পরিবারিক সুত্রের বরাত দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহামেদ বাদল জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে রফিক মিয়া ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। রফিক মিয়ার প্রতিবেশী কেনা, ওমেদ আলী এবং আঙ্গুর মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে নিহতের পরিবার। নিহতের মাথা, গলা ও চিবুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ চলছে।
