আপনার জিজ্ঞাসা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০১:৩৪ এএম

দোয়ায়ে কুনুতের বদলে সুরা ইখলাস পড়া

উম্মে তাওশি জ্যোতি, মধ্যহিস্যা, মুক্তাগাছা

প্রশ্ন : বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ার বিধান কী? এ ক্ষেত্রে ‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা’ ছাড়াও অন্য কোনো দোয়া পড়া যাবে কি? যে দোয়ায়ে কুনুত জানে না, সে দোয়ায়ে কুনুতের বদলে তিনবার সুরা ইখলাস পড়লে নামাজ আদায় হবে কি?

উত্তর : বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। দোয়ায়ে কুনুত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দোয়া করা। এ ক্ষেত্রে প্রসিদ্ধ দোয়া‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা’ ছাড়া একই মর্মার্থের অন্য যেকোনো দোয়া পড়লেও বিশুদ্ধভাবে নামাজ আদায় হয়ে যাবে। যেমন‘রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া’ বা এই জাতীয় দোয়া পড়া। কেউ যদি এটা না পারে তাহলে তিনবার ‘আল্লাহুম্মাগফিরলি’ কিংবা তিনবার ‘ইয়া রব’ পড়লেও নামাজ হয়ে যাবে। তবে প্রসিদ্ধ দোয়াটি পড়া সুন্নত এবং সর্বোত্তম। আহসানুল ফতোয়া : ৩/৪৪৯

দোয়ায়ে কুনুতের মর্মার্থ এবং সুরা ইখলাসের মর্মার্থ ভিন্ন ভিন্ন। তাই দোয়ায়ে কুনুতের বদলে সুরা ইখলাস না পড়া। কেননা এই দোয়া পড়া সুন্নত। আর ইচ্ছাকৃতভাবে সুন্নত ত্যাগ করা গোনাহ।

বোবা ব্যক্তির নামাজ

নাসরুল্লাহ যায়েদ, ঢাকা বিশ্ববিদ্যায়

প্রশ্ন : বোবা ব্যক্তি নামাজে কীভাবে কেরাত পড়বে?

উত্তর : নামাজে কেরাত পড়ার জন্য বোবা ব্যক্তির ঠোঁট নাড়ানো ওয়াজিব নয়। বরং তাকবির, কেরাত, তাসবিহ ও দোয়াসহ সবকিছু মনে মনে বলবে। আল মাওসুআতুল ফিকহিয়্যাহ : ১৯/৯২

নামাজের প্রথম রাকাতে সুরা নাস পড়লে

আল ফারাবি, উত্তরা, ঢাকা

প্রশ্ন : নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহার পর কোরআন মাজিদের যে স্থান থেকে কেরাত পড়া হয়দ্বিতীয় রাকাতে তার আগের জায়গা থেকে পড়া মাকরুহ। আর সুরা নাস হলোকোরআনের সর্বশেষ সুরা। কেউ যদি নামাজের প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর কোথা থেকে পড়বে?

উত্তর : কেউ যদি প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেলে তাহলে দ্বিতীয় রাকাতেও সুরা নাস পড়বে। ফতোয়া তাতারখানিয়া : ২/৬৮

প্রথম কাতারে মুক্তাদির অজু ভেঙে গেলে

মুহাম্মদ সৌরভ, বাগেরহাট

প্রশ্ন : মসজিদের প্রথম কাতারে দাঁড়ানো কোনো মুক্তাদির যদি অজু ভেঙে যায় এবং পেছনে পনেরো কাতার পর্যন্ত মুক্তাদি নামাজরত থাকে, তাহলে প্রথম কাতারে দাঁড়ানো মুক্তাদি কী করবে? অজুর জন্য বের হবে না বসে থাকবে?

উত্তর : প্রথম কাতার থেকে বের হয়ে আসার সময় ধাক্কা লেগে নামাজরত কোনো মুক্তাদির সিনা যদি কেবলার দিক থেকে সরে যাওয়ার দ্বারা নামাজ ভঙ্গের কারণ না হয় তাহলে বের হয়ে আসবে। অন্যথায় বসে থাকবে। ফতোয়া মাহমুদিয়া: ৭/১৪৩

উত্তর প্রদান : মুহাম্মদ আতিকুর রহমান

ফতোয়া বিভাগ, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, ময়মনসিংহ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত