কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরাঘুরি অবস্থায় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকার আবু তালেবের ছেলে আবু ছিদ্দিক ও রহিম উল্লাহ'র ছেলে মো. শফিক। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), দুই রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা রইক্ষ্যংয়ের দুই যুবক তাদের এলাকা থেকে ৩ কিলোমিটার দূরে কান্জরপাড়া এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছিল। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে কেন ঘুরাঘুরি করছে। সেই সঙ্গে পিসি পিআর যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।
