গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যচিত্র যেন ভারতে না দেখা যায়, তা নিশ্চিতে করতে পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী মোদির সরকার। এ জন্য টুইটার, ইউটিউবকে তথ্যচিত্রের লিঙ্ক ব্লক করার নির্দেশ দিয়েছে দিল্লি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যচিত্রের কর্তন করা অংশও শেয়ার করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সরকারের উপদেষ্টা কাঞ্চন গুপ্ত শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি আইনের অধীনে জরুরি ক্ষমতাকে কাজে লাগিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত সরকার পরে তথ্যচিত্রের ভিডিও লিঙ্ক থাকা অর্ধশতাধিক টুইট ব্লক করে দিতে টুইটারকে নির্দেশ দেয়; ইউটিউবকেও ভিডিওটি আপলোড বন্ধে নির্দেশনা দেওয়া হয়। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় মোদি ওই রাজ্যটির মুখ্যমন্ত্রী ছিলেন। দাঙ্গা রোধে মোদি কার্যকর ব্যবস্থা নেননি, এমনকি নিরাপত্তা বাহিনীকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। গুজরাট দাঙ্গা নিয়ে ‘ইন্ডিয়া : দ্য মোদি কোশ্চেন’ নামের একটি তথ্যচিত্র নির্মাণ করে বিবিসি।
×
