গাজীপুর মহানগরীর টঙ্গী রেলস্টেশনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিন রেলওয়ে পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়। বিশ^ ইজতেমার মোনাজাতের পর গতকাল রবিবার বেলা ৩টার দিকে টঙ্গী রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শর্মা জানান, বিশ^ ইজতেমা উপলক্ষে ঢাকাগামী একটি স্পেশাল ট্রেনে একদল ছিনতাইকারী মুসল্লিদের কাছ থেকে টাকাপয়সা ছিনতাইয়ের চেষ্টা করছিল। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির তিন কনস্টেবল বিষয়টি টের পেয়ে ছিনতাইকারীদের ধরতে যান। এ সময় চার ছিনতাইকারী মিলে রেলওয়ে পুলিশের তিন কনস্টেবল আকরাম, হুমায়ুন ও সানবীরকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে তিন ছিনতাইকারী পালিয়ে গেলেও আক্তার হোসেন (৩০) নামে অন্য এক ছিনতাইকারীকে আটক করা হয়।
ছিনতাইকারীদের হামলায় আহত তিন পুলিশ কনস্টেবলকে ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য এবং আটক ছিনতাইকারীকে কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
