পাঠ্যবইয়ে থাকা বিভিন্ন ভুল দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। তিনি বলেছেন, ‘যখনই যে ভুল চিহ্নিত হচ্ছে এবং হবে, সঙ্গে সঙ্গে তা সংশোধন করে আমরা সব শিক্ষপ্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের প্রক্রিয়াকে আরও কত বেশি নির্ভুল করা যায়, সে জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
গতকাল রবিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে দীপুমনি বলেন, বইপড়া আসলেই খুব জরুরি। সারা দেশে আমাদের সব শিক্ষার্থীর মধ্যে এই বই পড়ার অভ্যাস, পাঠ্য বইয়ের বাইরের বই পড়ার মাধ্যমে তাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তিকে বাড়িয়ে তোলা, মনকে আলোকিত করার সেই কাজটি যেন আমরা সব শিক্ষার্থীকে নিয়ে করতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা এবং এরমধ্য দিয়ে আমরা এগিয়ে যাব।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি একই গুরুত্ব দিয়ে, একই ভালোবাসা দিয়ে, একই মমতায় অন্যান্য বইয়ের পাঠাভ্যাসও গড়ে তুলতে হবে। পাঠকে করতে হবে আনন্দের। তবেই আমরা একটি সুন্দর সমাজ ও সোনার বাংলাদেশের সোনার মানুষ পাব।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্র্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অন্তর্ভুক্ত ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম’-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি দেশের ৬৪ জেলার ৩০০ উপজেলায় ১৫ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিবছর প্রায় ২৫ লাখ ছাত্রছাত্রী বই পড়ার সুবিধা পাবে। বিশ্বসাহিত্য কেন্দ্র এই কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গত শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ স্কাউটস তার সুবর্ণজয়ন্তী অতিক্রম করেছে। বর্তমান সরকার আধুনিক বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সমর্থিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচ্য হচ্ছে।
‘সাবাস শক্তির ফোয়ারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩২তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরি বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে বঙ্গবন্ধু মূল এরিনায় জাম্বুরির জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ।
