যেভাবে 'নায়ক রাজ' হয়ে ওঠেন তিনি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০২:৪০ পিএম

চলচ্চিত্রে বাংলাদেশের ইতিহাসে নায়ক রাজ্জাক যতটা দর্শকপ্রিয়তা পেয়েছেন সেটি অনেকটা বিরল। বাংলাদেশের চলচ্চিত্রে তিনি 'নায়ক রাজ' হিসেবে পরিচিত। সোমবার তার ৮২তম জন্মদিন।

ষাটের দশক থেকে শুরু করে প্রায় তিন দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সাথে টিকে ছিলেন নায়ক রাজ্জাক। তার আসল নাম আব্দুর রাজ্জাক। জন্ম ১৯৪২ সালে কলকাতায়। ১৯৬৪ সালে শরণার্থী হয়ে ঢাকায় আসেন। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে।

দু-একটা সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছায়াছবি বেহুলা। সেই থেকে শুরু।

জহির রায়হান পরিচালিত 'বেহুলা' চলচ্চিত্র নায়ক হিসেবে আবির্ভাবের পর রাজ্জাককে আর পেছন দিকে ফিরে তাকাতে হয়নি। ক্রমান্বয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন তিনি। প্রায় ৫০ বছর ধরে তিনি চলচ্চিত্র শিল্পে কাজ করছেন রাজ্জাক। ২০১৫ সালেও তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল।

২০১৬ সালে ৭৫তম জন্মবার্ষিকীতে রাজ্জাক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি আমার জীবনের অতীত ভুলি না। আমি এই শহরে রিফিউজি হয়ে এসেছি। স্ট্রাগল করেছি। না খেয়ে থেকেছি। যার জন্য পয়সার প্রতি আমার লোভ কোনদিন আসেনি। ওটা আসেনি বলেই আজকে আমি এত দূর শান্তিতে এসেছি।’

বাংলাদেশের বাইরে ভারতের পশ্চিমবঙ্গেও পরিচিত ছিলেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্রে নায়ক রাজ্জাক যখন রাজত্ব করছেন, সে সময় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের দাপট ছিল বাংলাদেশের দর্শকদের মাঝে। কিন্তু সে সময় নায়ক রাজ্জাক তার একটি স্বতন্ত্র অবস্থান গড়ে তোলেন।

২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি দেন রাজ্জাক। প্রায় অর্ধযুগ হয়ে গেল তিনি এই পৃথিবীতে নেই। তবে বাংলাদেশের চলচ্চিত্রে নায়ক রাজ্জাক যে দাপট এবং অভিনয় প্রতিভা রেখে গেছেন সেটি অনেক দিন টিকে থাকবে দর্শকদের মনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত