করোনাকালীন প্রণোদনার টাকা না পেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সরা। এ সময় প্রণোদনার টাকা দ্রুত তাদের না দিলে হাসপাতালে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে নার্সদের স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান।
নার্সরা বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনাকালে যেসব নার্স দায়িত্ব পালন করেছেন, তাদের আর্থিক প্রণোদনা দেওয়ার কথা থাকলেও এখনো তারা সেই প্রণোদনার টাকা পাননি। দফায় দফায় তালিকা পাঠিয়েও তারা এ টাকা পাননি।
অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান বলেন, প্রণোদনা না পাওয়ায় নার্সদের মধ্যে একধরনের হতাশা কাজ করছে। দাবি-দাওয়া নিয়ে নার্সরা একটি স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
