নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী প্রধান সড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সাজ্জাদ হোসেন সুমন, শুকুর আলী প্রমুখ।
বক্তারা বলেন, লালপুরে পদ্মা নদীর ইজারা দেওয়া জায়গা থেকে বালু উত্তোলন না করে অবৈধভাবে বিভিন্ন মৌজায় বালু উত্তোলন করা হচ্ছে। ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ, প্রস্তাবিত লালপুর উপজেলার অর্থনৈতিক জোন, নদীর তীররক্ষা বাঁধ, ফসলি জমি, ঘরবাড়ি পদ্মা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা এর প্রতিবাদ করলে বালু উত্তোলনকারীরা তাদের ওপর আক্রমণ করে, এমনকি স্থানীয়দের নামে মামলা করে পুনরায় বালু উত্তোলনের প্রস্তুতি নেয়।
