বগুড়ায় পূবালী ব্যাংকের ক্যাশ থেকে তিন লাখ টাকা চুরির অপরাধে ব্যাংকের সিনিয়র আর্মড গার্ড হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে সদর থানার তদন্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
চুরির বিষয়ে পূবালী ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক তহুরা খাতুন বাদী হয়ে সদর থানায় এজাহার দেওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে যাওয়া হাফিজুর রহমান (৩০) গাইবান্ধা জেলার সাঘাটা থানার আমদিরপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, পূবালী ব্যাংক বগুড়া শাখায় গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শাখার নিয়মিত কাজ শেষে ক্যাশ হিসাব করতে গেলে ৩ লাখ টাকার গড়মিল পাওয়া যায়। বিষয়টি শাখার ক্যাশ ইন চার্জ আঞ্চলিক উপ মহা-ব্যবস্থাপক মোহাম্মাদ বেল্লাল হোসেনকে জানান। বিষয়টি জানার পর উপ মহা-ব্যবস্থাপক আঞ্চলিক কার্যালয়, সহকারী মহা-ব্যবস্থাপক মো. ছালামুজ্জামানের উপস্থিতিতে শাখার বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদকালে ব্যাংকের সিনিয়র আর্মড গার্ড হাফিজুর রহমানের কথায় কিছুটা গড়মিল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাফিজুর রহমান জানান যে, মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টার মধ্যে দ্বিতীয় তলার ক্যাশ সেকশন থেকে অজ্ঞাতসারে এবং কৌশলে ৩ লাখ টাকা চুরি করে।
তদন্ত কর্মকর্তা বাবু কুমার সাহা জানান, ব্যাংকের চুরির বিষয়ে ব্যবস্থাপক বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। আটক আর্মগার্ড হাফিজুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পূবালী ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক তহুরা খাতুন জানান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
