রাঙ্গামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে কাঠবোঝাই একটি ট্রাক লক্ষ্য করে ২৫ থেকে ৩০টি গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার দুপুরে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের দেপ্পাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঠবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে ঢাকায় যাওয়ার পথে রাঙ্গামাটি সদর উপজেলার দেপ্পাছড়ি এলাকায় পাহাড় থেকে অতর্কিত গুলি করা হয়। পরে অস্ত্রসহ কয়েকজনকে সড়ক ধরে আবার পাহাড়ে চলে যেতে দেখা যায়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি আমিনুল আরিফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জেনেছি, গাড়ি লক্ষ্য করে ২৫-৩০ রাউন্ড গুলি করেছে সন্ত্রাসীরা। গাড়িতে ১৫টি গুলির চিহ্ন পাওয়া গেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নয়। রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমাদের গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
