দেশে হিন্দি মুক্তি নিয়ে আলোচনায় জায়েদ-নিপুণ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১০:৫৯ পিএম

দেশের চলচ্চিত্রের মন্দা অবস্থা থেকে বাঁচতে ও হলগুলো বাঁচাতে দেশে হিন্দি ছবি আমদানি করে মুক্তির দাবি অনেক আগে থেকেই করে আসছেন হল মালিকরা। এই দাবি ফের প্রাণ পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তিকে কেন্দ্র করে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সাফটা চুক্তির আওতায় কলকাতার ছবি আমদানি হলেও বলিউডের সিনেমা মুক্তি নিয়ে রয়েছে জটিলতা। এই জটিলতায় আটকে গেছে ‘পাঠান’। তথ্য মন্ত্রণালয়ের পর এবার বিষয়টি দেখভাল করছে বাণিজ্য মন্ত্রণালয়। তাদের পরবর্তী নির্দেশনার ওপরই পাঠান এ দেশে মুক্তি পাবে কি পাবে না তা  নির্ভর করছে। ঠিক এই সময়ে বিষয়টি নিয়ে ফের আলোচনায় শিল্পী সমিতির দুই নেতা চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ বলেন, ‘সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাব দিয়েছিলাম, বলিউডের যে ছবিটা মুক্তির পর এদেশে লাভ হবে সেখানকার ১০ পার্সেন্ট শিল্পী সমিতিতে দেবে। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে। এখনো এই প্রস্তাবের ফিডব্যাক আসেনি।’ বলিউডের সিনেমা এ দেশে মুক্তিতে আপত্তি নেই জানিয়ে নিপুণ বলেন, বাংলাদেশে হলিউডের ছবি চলছে। হলিউডের সঙ্গে একযোগে এদেশে সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে। ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে হিন্দি ছবি কেন মুক্তি পাবে না? আমি মনে করি, আমাদের এখানে এমন কিছু সিনেমা হচ্ছে যেগুলো সিনেমা, টেলিফিল্ম, নাটক কিছুই না; বলিউডের সিনেমা মুক্তি পেলে এসব মানহীন সিনেমাগুলোর নির্মাণ বন্ধ হয়ে যাবে। আমাদের যেসব ফেস্টিভ্যাল আছে (ঈদ-পূজা, বিশেষ দিবস) এই সময়গুলো যেন বলিউডের ছবি রিলিজ না দেয়; ফেস্টিভ্যালে যেন শুধু দেশি সিনেমা থাকে এটাই চাওয়া। এটা শুধু আমার একার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা শিল্পী সমিতির।’ নিপুণের এমন মন্তব্যের পরই জায়েদ খান বলেন, ‘দেশে হিন্দি ছবি আনলে ভারতে আমার ছবি মুক্তি দিতে হবে। আমাদের সংস্কৃতির ছবি মুক্তি দিতে হবে, না হলে আমি এ দেশে কোনোভাবেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে না। আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত