দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে অন্যজনের সাথে বিয়ের পিঁড়িতে বসছেন প্রেমিকা! এ খবর পেয়ে অভিমানে আত্মহত্যা করলেন সম্রাট আকবর হোসেন জাহিদ (২৬) নামে এক যুবক! আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বন্দর থানাধীন তালতলা টার্মিনালে একটি কাভার্ড ভ্যানের হুকের সঙ্গে গলায় প্যান্টের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারী জাহিদ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ বলিপাড়া এলাকায় শুক্কুর মাঝির বাড়ির মোহাম্মদ আলমের ছেলে।
মৃতদেহের সুরতহালের সময় জাহিদের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট পায় পুলিশ। তাতে লেখা- 'এ বিষয়ে না কোনো নারী, বা আমার পরিবার। আমি এক ব্যর্থ পুরুষ। এটি আমি আমার ইচ্ছায় বিদায় নিলাম। এতে কেউ দায়ী নয়। এটা মহাপাপ, আমি নিশ্চিত জাহান্নামী। কারো উপর ক্ষোভ নেই। আমার ইচ্ছায় আমি বিদায় নিলাম'।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে জাহিদ আত্মহত্যা করতে পারে বলে ধারণা পুলিশের। আজ সকাল ৯টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে তিনি মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার (জাহিদ) বড় ভাই ইব্রাহিম হোসেন নাহিদ থানায় লিখিত দিয়েছেন।
ইব্রাহিম হোসেন নাহিদ দেশ রূপান্তরকে জানান, আমার ভাই জাহিদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করত। কয়েকদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিল। সম্প্রতি তার ফেসবুকে একাধিক অভিমানী স্টাটাস দেয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সে বাসা থেকে বেরিয়ে যায়। আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে তালতলা ট্রাক টার্মিনালের লোকজন কাভার্ড ভ্যানের হুকের সাথে তার লাশ ঝুলতে দেখে পুলিশ ও আমাদের খবর দেয়।