বিএনপি পূর্ণশক্তি নিয়ে নির্বাচনে আসুক : তথ্যমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০১:৪৮ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সংবিধান অনুয়ায়ী নির্বাচন হবে। বিএনপি পূর্ণশক্তি নিয়ে নির্বাচনে আসুক আমরা সেটাই চাই। তবে বিএনপি কোনোরকম অপচেষ্টা করলে জনগণ তাদের সমুদ্রে নিক্ষেপ করবে।’ গতকাল শনিবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ রবিবার রাজশাহীতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। পৃথিবীর কোনো দেশে এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আছে শুধু পাকিস্তানে। বিএনপি তো পাকিস্তানকে অনুকরণ করে। উন্নত দেশে ডিজিটাল মাধ্যমে ভোট হয় আমাদের দেশেও ডিজিটাল হয়েছে সেভাবেই ভোট হচ্ছে। আমরা ইভিএমএ ভোটের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ইভিএম কিনতে গিয়ে নির্বাচন কমিশন পৌনে ৯ হাজার কোটি টাকার একটি প্রস্তাব দিয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্ব প্রেক্ষাপটে এই সময়ে এত বড় প্রকল্প পাস করে ইভিএম কেনা অর্থনীতির জন্য, বিশ্ব প্রেক্ষাপটে এটি সমীচীন নয়। এবং মানুষকে এই বিশ্বমন্দার মধ্যে এখন মানুষের অন্য কল্যাণগুলো আমাদের কাছে অগ্রাধিকার।  

মন্ত্রী বলেন, নির্বাচন সরকারের অধীনে নয়, নির্বাচন কমিশনের অধীনে হয়। সরকারের কোনোট ক্ষমতা থাকে না। বিএনপির নাচতে না জানলে উঠান বাঁকা’র মতো অবস্থা। ২০১৪ সালে তারা শুধু বর্জনই নয়, প্রতিহত করার অপচেষ্টা করেছিলÑ তা আর করতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রবিবার মাদ্রাসা মাঠ ও ঈদগাহ মাঠে সমাবেশ হবে। ২২০টি মাইক, ১২টি এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশকে ঘিরে তরুণ ও নারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সমাবেশের জন্য ৫ শতাধিক ভলান্টিয়ার রাখা হয়েছে।

তিনি বলেন, সকাল ৯টায় মাঠে নেতাকর্মীরা আসবেন। ৫ বছর পর প্রধানমন্ত্রী আসছেন। অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে। কিছু কাজ শুরু হয়ে গেছে। আমাদের আর কোনো চাওয়া নেই, রাজশাহীসহ সব জেলার লোকজন ধন্যবাদ জানাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত