যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক উচ্চপর্যায়ের জেনারেল মনে করেন তার দেশ আগামী দুই বছরের মধ্যেই চীনের সঙ্গে যুদ্ধে জড়াবে। সম্ভাব্য ওই যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা জেনারেল হলেন যুক্তরাষ্ট্রের এয়ার মোবিলিটি কমান্ডের প্রধান মাইক মিনিহান। তিনি এক অভ্যন্তরীণ চিঠিতে এই অভিমত তুলে ধরেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘যা ভাবছি, আশা করি তা ভুল হবে। তবে আমার ধারণা বলছে, ২০২৫ সালে আমরা চীনের সঙ্গে য্ুেদ্ধ জড়িয়ে যাব।’ এমনটি ভাবার কারণও তুলে ধরেছেন জেনারেল মিনিহান। তার ভাষ্যমতে, আগামী বছরে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের দিকে চীনের নজর থাকবে। একই বছরে যুক্তরাষ্ট্রেও নির্বাচন। ফলে যুক্তরাষ্ট্রও নিজেদের নিয়ে অনেকটা ব্যস্ত থাকবে। চীন এই সুযোগ নিতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন তার এ বক্তব্য যুক্তরাষ্ট্রের সামরিক পর্যালোচনার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে জানিয়েছে।
×
