চবিতে শিক্ষক নিয়োগ

নাম সুপারিশ না করায় ভিসির দপ্তর ভাঙচুর ছাত্রলীগের

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৬:২৮ এএম

শিক্ষক নিয়োগে পছন্দের প্রার্থীর নাম সিন্ডিকেট সুপারিশ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য দপ্তর ভাঙচুর ও শাটল ট্রেন আটকে রাখার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে সিন্ডিকেট সভা শেষে ভিসি কার্যালয়ে ভাঙচুর এবং সাড়ে ৫টার দিকে শাটল ট্রেন আটকে দেওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল চবি সিন্ডিকেটের ৫৪১তম সভা ছিল। সভায় শিক্ষক ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সাড়ে ৪টার দিকে সভা শেষ হলে ছাত্রলীগের ‘একাকার গ্রুপের’ নেতাকর্মীরা ভিসির দপ্তরে যায়। সেখানে গিয়ে জানতে পারে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদকে শিক্ষক নিয়োগে সিন্ডিকেট সুপারিশ করেনি। এরপর তারা ভিসির দপ্তরের বাইরে কাপ-পিরিচ ও ফুলদানি ভাঙচুর করে। পরে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ব্যাপারে জানতে চাইলে চবির সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সিসিটিভি ক্যামেরা দেখে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগের ব্যাপারে যেটা বলা হচ্ছে জামায়াত-শিবিরের এজেন্ট সেটিও খতিয়ে দেখা হবে। সিন্ডিকেট আসলে বিভাগের প্ল্যানিং কমিটি নির্ধারিত ব্যক্তিদের সুপারিশ করে থাকে।’

এ প্রসঙ্গে চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও উপপক্ষ একাকারের নেতা মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘জামায়াত-শিবিরের এজেন্ট, রাষ্ট্র ও সরকারবিরোধী ব্যক্তিদের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ওশানোগ্রাফি বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সুপারিশ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা ভিসি কার্যালয়ে অবস্থান নিয়েছি। এটা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা শাটল ট্রেন চলতে দেব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত