ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার(১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। দুপুর ১১টা পর্যন্ত রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৮ শতাংশ, একই অবস্থা অন্যান্য কেন্দ্রেও।
রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মতিউল আলম জানান, রাণীশংকৈল ডিগ্রি কলেজ কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে বলে জানান তিনি।
বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানের পদত্যাগে শূন্য হওয়া এ আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। তবে স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায় একতারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এছাড়াও ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির শাফি আল আসাদ (আম), বাংলাদেশ ন্যাশনাল পার্টির সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল) নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। যার ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।
