নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এমনকি এই নোটে থাকছে না রাজা তৃতীয় চার্লসের ছবিও। ব্রিটিশ রাজাদের ছবির জায়গায় অস্ট্রেলিয়ার নতুন ৫ ডলারের নোটে দেশটির আদিবাসীদের তুলে ধরা হবে। নোটের বিপরীত প্রান্তে থাকা অস্ট্রেলিয়ার সংসদের ছবিটিই থাকবে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার পরিবর্তনের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। গত বছর মারা যান ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রানী হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি। তবে রানী মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানীর ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে। ১৯৯৯ সালে ব্রিটিশ রাজা বা রানীকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার পদ থেকে অপসারণে গণভোট হয়। তবে ওই ভোটে বেশিরভাগ মানুষ তৎকালীন রানী দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদে রাখতে মতামত দেয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও ১২টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেন ব্রিটিশ রাজা বা রানী। তবে এ পদটি কেবলই আলঙ্কারিক।
রানীর মৃত্যুর পরপরই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় ৫ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করা হবে না। এর বদলে সেখানে অস্ট্রেলিয়ার কোনো বিশেষ ব্যক্তির ছবি দেওয়া হবে। এদিকে নোট থেকে ব্রিটিশ রানীর ছবি সরানোর সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন অস্ট্রেলিয়ার মধ্য-ডানপন্থি লেবার সরকার দেশটির আদিবাসীদের স্বীকৃতি নিয়ে গণভোট আয়োজনের চেষ্টা করছে। এরআগে ২০২১ সালে অস্ট্রেলিয়া নিজেদের জাতীয় সংগীতে পরিবর্তন আনে। ওই সময় জাতীয় সংগীত থেকে ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ কথাটি বাদ দেওয়া হয়। অস্ট্রেলিয়ার আদিবাসীরা বিশ্বের সবচেয়ে পুরনো-বিষয়টিকে স্বীকৃতি দিতেই এ পরিবর্তন আনা হয়। ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ দিয়ে মূলত অস্ট্রেলিয়াকে নতুন একটি সভ্যতা হিসেবে অভিহিত করা হতো।
