কুড়িগ্রামের উলিপুরের ধরণীবাড়ি ইউনিয়নে নাটির খামার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের রাস্তার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সামনে তারা এ অবস্থান ধর্মঘটে অংশ নেয়।
এ সময় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মেরাজ মিয়া বলে, ‘আমাদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। মানুষের জায়গা-জমি দিয়ে চলাচল করতে দেয় না। বিদ্যালয়ে আসার সময় অন্যের জায়গা-জমি দিয়ে এলে আমাদের স্যার-আপা ও বাবা-মাকে খারাপ গালি দেয়।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির উপজেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে কোনো কাজ না হওয়ায় আমরা আজ এখানে অবস্থান করছি। যাতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার প্রতিবন্ধকতা দূর হয়।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র রায় বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্যাটি সমাধানের প্রক্রিয়া চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন, ‘অফিসের কাজে বাইরে এসেছি। তবে আমি শুনেছি এবং সেখানে শিক্ষা অফিসারকে পাঠিয়েছি।’
