দেশের ছয় জেলায় পৃথক ঘটনায় চারজন খুন হয়েছেন এবং দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় এক ব্যক্তি খুন হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত ঘটনাগুলো ঘটে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
রাজশাহী : রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকায় বরই পাড়তে নিষেধ করার জের ধরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত তাজেম আলী বিদ্যুৎ (৪০) ছোট বনগ্রাম এলাকার মৃত শমসের আলীর ছেলে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তাজেম আলীর গাছ থেকে কয়েক যুবক ঢিল ছুড়ে বরই পাড়ছিল। এসময় তিনি তাদের বরই পাড়তে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়লা গাবতলা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত গোলাম মোর্শেদ (৪০) শিয়ালা গাবতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরের যশুরগাঁও গ্রামে ব্যবসায়ী সত্যরঞ্জন দত্তকে (৬৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সত্যরঞ্জন ওই গ্রামের স্বর্গীয় ননী গোপাল দত্তের ছেলে।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুর রাজ্জাক (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকালে জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক ওই গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবদুল হামিদ (৫৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার উচালিয়া পাড়ার ধানী জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে ফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পরিবারের।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে রেললাইনের পাশ থেকে আনুমানিক দশ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার শমসের নগরের গোবিন্দপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
