দেশের বেশিরভাগ এলাকায় দিনের বেলায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অফিস জানিয়েছে, নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রাম জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, সারা দেশে রাতের তাপমাত্রা একটু কমতে শুরু করেছে। তবে দিনের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। ইতিমধ্যে দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আশপাশে কিছু এলাকা বিস্তার লাভ করবে। যা আগামী দুদিন অব্যাহত থাকবে। তবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে। এটি আরও পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত দুই দিনে দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। সবচেয়ে বেশি কমেছে উত্তরাঞ্চলের তাপমাত্রা। রাজধানীর তাপমাত্রাও ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
