২০ প্রার্থীর ১৪ জনই জামানত হারালেন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৮ এএম

বগুড়া-৬ (সদর) আসনে ৪৩ বছর পর নৌকার জয় হয়েছে। নৌকা প্রতীকে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ। তিনি ট্রাক প্রতীকে ২১ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় প্রার্থী জাসদ বগুড়ার সভাপতি একেএম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একতারা প্রতীকে ১৯ হাজার ৫৭১ ভোট পান। বিএনপির সাংসদরা পদত্যাগ করায় বগুড়ার ওই দুটি শূন্য আসনে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোটগ্রহণ হয়।

বগুড়ায় দুটি আসনের উপনির্বাচনে প্রার্থী ছিলেন ২০ জন। এর মধ্যে জামানত হারিয়েছেন ১৪ জন। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পাঁচজন ও বগুড়া-৬ (সদর) আসনে নয়জন জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগের বেশি ভোট পেতে হবে।

সেই হিসাবে বগুড়া-৪ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ৭৮ হাজার ৫২৪। বগুড়া-৪ আসনের জামানত হারানো প্রার্থীরা হলেনÑ জাতীয় পার্টির মোস্তফা কামাল ফারুক, জাকের পার্টির আবদুর রশিদ সরদার, স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস আলী, মো. গোলাম মোস্তফা এবং বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন ম-ল।

অন্যদিকে বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও জাতীয় পার্টির প্রার্থী ও সদর আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম ওমরসহ নয়জন প্রার্থী জামানত হারিয়েছেন। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা  ৯১ হাজার ৭৪২টি। এর মধ্যে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল ১১ হাজার ৪৬৮টি ভোট। এ আসনে জামানত হারানো নয়জন হলেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক সাংসদ নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম, মাছুদার রহমান হেলাল, রাকিব হাসান, সরকার বাদল, জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক, গণফ্রন্টের আফজাল হোসেন, জাসদের ইমদাদুল হক ইমদাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম।

বগুড়ার শেরপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন (বগুড়ার উপনির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তা) বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত ভোটের ৮ শতাংশের বেশি পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত