জব্দ করা রুশ অর্থ ইউক্রেনকে সহায়তা প্রদানে ব্যবহার শুরু করতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। গত শুক্রবার গারল্যান্ড এই ঘোষণা দেন। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এলো। গারল্যান্ড আরও বলেন, এপ্রিলে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ার অন্যতম ধনাঢ্য ব্যক্তি কনস্ট্যান্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে। গারল্যান্ডের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে। কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়ায় বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।
×
