বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলায় অভিযুক্ত শরিফুল ইসলাম শিপুলকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের কলোনি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুর ১২টা থেকে শহরের সাতমাথায় অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
আটক শরিফুল ইসলাম শিপলু বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও শহরের লতিফপুর এলাকার বাসিন্দা।
এর আগে গত বুধবার রাতে বগুড়ায় সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলমের সংবাদ করায় কালের কণ্ঠের বগুড়া প্রতিনিধি জেএম রউফ ও দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে। ওইদিন রাতে বগুড়া শহরের টেম্পল সড়কে অবস্থিত টাউন ক্লাবে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক জেএম রউফ বগুড়া সদর থানায় অভিযোগ করেন। এতে গ্রেপ্তার যুবলীগ নেতা শিপলুকে একমাত্র অভিযুক্ত করা হয়। সদর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর গতকাল শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।
বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
