মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরের কালিয়াকৈরে আজাদ শেখ নামের এক চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে তারা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে আউয়াল (৫০) গ্রামে ব্যবসা করতেন। শনিবার রাতে পাশর্^বর্তী আনন্দবাজার এলাকায় দোকানে ঘুমিয়ে ছিলেন তিনি। ভোররাতে দুর্বৃত্তরা দোকান থেকে ডেকে তুলে তাকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কয়েক বছর আগে পাঁচখোলা গ্রামে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন আউয়ালকে হত্যা করেছে।
গাজীপুরের কালিয়াকৈরে আজাদ শেখ (১৭) নামের এক চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুরে উপজেলার গোসাত্রা এলাকায় বেলাবহ মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আজাদ শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বনগ্রাম এলাকার আব্দুল হালিমের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজাদ শেখ কালিয়াকৈর উপজেলার হরিণহাটি মুন্সিরটেক এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছিল। গত শনিবার দুপুরে সে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি।
গতকাল দুপুরে গোসাত্রা এলাকার বেলাবহ মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। এ ছাড়া নিহতের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ওই মাঠে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
