খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘একাডেমিক কাউন্সেলিং অ্যান্ড মোটিভেশন’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
গতকাল রবিবার সকাল ৯টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন নবাগত শিক্ষার্থীদের র্যাগিং ও মাদককে না বলার শপথবাক্য পাঠ করান।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষার্থীরা যে চ্যালেঞ্জ নিতে পারে, আর কেউ তা পারে না; একাত্তরের মুক্তিযুদ্ধই তার প্রমাণ। উন্নত বাংলাদেশ গঠনে অভিলক্ষ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
