ওবায়দুল কাদেরকে ভোটের মাঠে চ্যালেঞ্জ হিরো আলমের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৫৬ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভোটের মাঠে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আলোচিত-সমালোচিত হিরো আলম। তিনি ওবায়দুল কাদেরকে ভোটের মাঠে আহ্বান জানিয়ে বলেন, ‘তিনি কথায় কথায় বলেন আসুন খেলা হবে। আমি ওবায়দুল স্যারকে জোর গলায় বলতে চাই, খেলা সবার সঙ্গে করতে হবে না। আমি হিরো আলম, আমার সঙ্গে একটা নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেন। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও আপনি দলীয়ভাবে দাঁড়ান। এরপর আপনি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কি না।’

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) উপনির্বাচনের ৪৫টি ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন জমা দিতে এসে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম এসব কথা বলেন।

হিরো আলম বলেন, হিরো কখনও জিরো হয় না। কিন্তু সেতুমন্ত্রী ওবায়দুল স্যার বলেছেন, হিরো আলম জিরো হয়ে গিয়েছে। যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই জিরো হয়ে গিয়েছে। সেতুমন্ত্রী আমাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন। তবে একজন মন্ত্রী দেশের নাগরিককে তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। খেলার জন্য নাকি উনি মাঠে প্লেয়ার খুঁজে পায় না। আমার সাথে একটু প্রতি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভোটারদের ভয় না দেখিয়ে সুষ্ঠ ভোট দিয়ে দেখেন।

গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। বগুড়া-৪ আসনে ১৪ দলীয় সমর্থিত ও জাসদ প্রার্থীর কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। এর পরেই হিরো আলম অভিযোগ করেন এই আসনে ভোট সুষ্ঠু হলেও গণনার সময় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। গতকাল ৪৫টি ভোটকেন্দ্রের ফলাফল পুনঃগণনার জন্য আবেদন করেছেন।

হিরো আলম আরও বলেন, আমি সুষ্ঠ নির্বাচন চাই। আগামীতে ত্বত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই যেখানে সব দল অংশগ্রহণ করবে। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত