প্রকল্প কর্মকর্তাকে মারধর: ১০ ঠিকাদার কালো তালিকায়

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৮ পিএম

প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনায় ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও মালিকেরা হলেন মেসার্স মাহমুদা বিল্ডার্স ও এস জে ট্রেডার্সের মালিক সাহাব উদ্দিন (৪৫), মেসার্স বাংলাদেশ ট্রেডার্সের মালিক সঞ্জয় ভৌমিক কংকন (৪৬), মাসুদ এন্টারপ্রাইজের মো. ফেরদৌস (৪৮), মেসার্স জয় ট্রেডার্সের সুভাষ মজুমদার (৪৬), মেসার্স খান করপোরেশনের মো. হাবিব উল্ল্যাহ খান (৪৮), নাজিম অ্যান্ড ব্রাদার্সের মো. নাজিম উদ্দিন (৪৬), মেসার্স রাকিব এন্টারপ্রাইজের মো. নাজমুল হোসেন, (৫০), ইফতেখার অ্যান্ড ট্রেডার্সের মো. ইউসুফ (৫০), মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ ও মেসার্স দীপা এন্টারপ্রাইজের মালিক আশিষ কুমার দে ও হ্যাপী দে।

বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম দেশ রুপান্তরকে জানান, আড়াই হাজার টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে মারধরের ঘটনায় ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে চিহ্নিত করে সেসব প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এর আগে ২৯ জানুয়ারি বিকাল পৌনে ৪টার দিকে চসিকের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদীনের দপ্তরে ঢুকে তাকে মারধর এবং ভাঙচুরের ঘটনায় সংস্থাটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে নগরের খুলশী থানায় মামলা দায়ের করেন। এতে ১১ জনকে আসামি করা হয়। সেদিন রাতেই নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এক ছাত্রলীগ নেতাসহ চার ঠিকাদারকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জয় ভৌমিক কংকন, সুভাষ দে, মো. ফিরোজ ও মাহমুদুল্লাহ।

প্রসঙ্গত, অবকাঠামো উন্নয়নে চসিককে ২ হাজার ৩৯২ কোটি টাকার একটি প্রকল্প সরকার অনুমোদন দেওয়ার পর মো. গোলাম ইয়াজদানীকে এর পরিচালক করে ২০২২ সালের ১৪ আগস্ট প্রেষণে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় গত ডিসেম্বরে ২২০ কোটি টাকার ৩৭টি উন্নয়ন কাজ তিনটি প্রতিষ্ঠানকে ভাগ করে দেওয়ার অভিযোগ তুলে প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে মারধরের পাশাপাশি সেখানে ভাঙচুর চালায় একদল ঠিকাদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত