বাংলাদেশ রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে : আমীর খসরু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৯ পিএম

বাংলাদেশ রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রটাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে আবারও রাষ্ট্র বানাতে হলে বিএনপি ঘোষিত দাবি বাস্তবায়নের বিকল্প নেই।

আজ বুধবার বিকেলে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপ রেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন,তারেক রহমানের দেওয়া রূপ রেখা নিয়ে আওয়ামী লীগ যে বিরোধিতা করবে, তার কিছুই রূপ রেখায় দেওয়া হয়নি। এটা সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আওয়ামী লীগ এটাকে বলছে, বিএনপির স্টান্টবাজি। এই রূপরেখার ওপর তারা কোনো বক্তব্য দিতে সক্ষম হয়নি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশের লাখ লাখ মানুষ বিএনপির সঙ্গে রাস্তায় নেমেছে স্বৈরাচার সরকারের পতনের জন্য। কিন্তু একটি প্রশ্ন সবার মনে আসছে। কেউ বলছে, আবার কেউ বলছে না। সেটা হলো ফ্যাসিস্ট সরকারের বিদায় হলে বাংলাদেশের ভাগ্যের কী পরিবর্তন হবে? আমরা আবার আরেকটা ফ্যাসিস্ট সরকার দেখব না, তার গ্যারান্টি কী? মানুষ এটা জানতে চায়। মানুষের মনের সব প্রশ্নের উত্তর রূপরেখার মধ্যে তুলে ধরা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু রাষ্ট্র সে কথা রাখেনি। এই রাষ্ট্র এখন মানুষের সমস্ত মৌলিক অধিকার হরণ করেছে। তাই এই সরকারকে পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক জাহিদুল করিম কচি। এতে প্রধান বক্তা ছিলেন, সম্মিলিত পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত পেশাজীবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাদের গণি চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির অধ্যাপক এস এম নছরুল কদির, চমেক ড্যাব সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, কৃষিবিদ অধ্যাপক আহসানুল হক, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড: এনামুল হক, ড্যাবের সাবেক সভাপতি ডা. কামরুন নাহার দস্তগীর, শিক্ষক নেতা এম এ ছাফা চৌধুরী, জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত