নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোদনাইল চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ডসংলগ্ন নবাবী চাইনিজ রেস্টুরেন্টে দলীয় সভা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য মোশারফ হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, আমির হোসেন প্রধান ও আবুল কাশেম। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ওই পাঁচজনকে গত ৩০ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
