রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে হৃদয় খান (৩৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, সোহরাওয়ার্দী উদ্যানের লালন শাহ চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম হৃদয় খান, বাবার নাম টানু খান এবং বাড়ি কেরানীগঞ্জের জিনজিরা ইমামবাড়ি বলে জানা গেছে।
এসআই আজাদ আরও বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, তিনি মাদকাসক্ত ছিলেন, থাকতেন উদ্যানের ভেতরেই। রাতে কোনো একসময় তার মৃত্যু হয়েছে। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। তবে তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
