রোজায় বেশি সময় দোকান খোলা রাখতে চায় মালিক সমিতি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৯ পিএম

মার্চে আসন্ন রোজায় বেশি সময় দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছেন তারা। সে সঙ্গে ১৫ রমজানের পর থেকে ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির ওপর ভিত্তি করে দোকান খোলা রাখারও দাবি তাদের। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা।

এ সময় ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিপু বলেন, দোকান ব্যবসায়ীদের বেচা-বিক্রি হয় সাধারণত মাগরিবের নামাজের পর। সরকারের সিদ্ধান্ত মেনে রাত ৮টায় দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। দোকান ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনা করে ১৫ রমজান পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত এবং ১৫ রমজান এরপর থেকে ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির ওপর ভিত্তি করে দোকান খোলা রাখার দাবি জানাচ্ছি।

এছাড়া দোকান খোলা রাখার সময় বাড়ানোর পাশাপাশি ভ্যাট আদায়ের পদ্ধতি সহজ করা ও ভ্যাট আদায়ে হয়রানি এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। গত বছরের জুনে বিদ্যুৎ ও জ¦ালানি সাশ্রয়ে রাত ৮টার পর থেকে দোকান, বিপণিবিতান ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত