চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে আবুল খায়ের টোবাকো কোম্পানির ডিলারের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার দাউদকান্দি থানার বেলানগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মো. মামুন (৩৪), তার ভাই মো. আলী (৩৮), একই এলাকার মৃত ঝারু মিয়ার ছেলে মো. রাসেল ও কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম বাগিচাগাঁও গ্রামের মো. শাহজাহান ছেলে মো. এনায়েত উল্লাহ শান্ত (২৮)। তাদের হেফাজত থেকে ডাকাতির ৭ হাজার ৮০০ মেরিস সিগারেট ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) নুরুল আবছার জানান, গত ৫ জানুয়ারি ভুজপুরে নারায়ন হাট এলাকায় আবুল খায়ের টোবাকো কোম্পানির ডিলারের দোকান থেকে এক লাখ আবুল বিড়ি, ৭৮ হাজার মেরিস সিগারেট, দুই লাখ টাকা এবং দুইটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুজপুর থানায় মামলা দায়ের হয়। এ ঘটনায় আলাউদ্দিন ও রিপন নামে দুজনকে গ্রেপ্তারের পরে তাদের তথ্যের ভিত্তিতে নগরের হালিশহর, ডবলমুরিং ও কুমিল্লায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৭।
