পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে বন বিভাগের ২ লাখ একরের অধিক ভূমি বেদখল হয়ে রয়েছে। পুরাতন আইনের জটিলতার কারণে নতুন আইন তৈরি করা হয়েছেÑযা আগামী সংসদে পাস করা হবে। নতুন আইন পাসের পর বেদখল সকল ভূমি উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার গাজীপুরে বন বিভাগের নবনির্মিত অত্যাধুনিক রেঞ্জ অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বনের জায়গা দখল করে অনেক জায়গায় কলকারখানা তৈরি করে জলবায়ুর পরিবর্তন করা হয়েছে। বনভূমিকে সুরক্ষা করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে। তিনি ৩৮ লাখ ৭৫ হাজার টাকায় নবনির্মিত একতলা রেঞ্জ অফিস ভবনকে দ্বিতল করা ও বাউন্ডারি দেওয়াল নির্মাণসহ পর্যাপ্ত বন কর্মচারী দেওয়ার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।
