রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে শেষ মুহূর্তের যোগ-বিয়োগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২২ এএম

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কাকে মনোনয়ন দিচ্ছে, তা নিয়ে গতকাল শনিবার রাত পর্যন্ত চূড়ান্ত করার কাজ চলছিল। যোগ-বিয়োগ চলছিল অন্তত ছয়জনকে নিয়ে।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, ‘কিছুই জানি না। তবে যিনিই হবেন, তিনি গ্রহণযোগ্য হবেন সবার কাছে।’

প্রধানমন্ত্রীর একজন সহকারী দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সরকারপ্রধান শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে এ নিয়েই ব্যস্ত ছিলেন। তিনি একটি ক্লু দিয়ে বলেন, মাদারীপুর বাড়ি। বয়স ৭১ বছর। সংসদ সদস্য নন। অপরাধ না করেও যিনি শাস্তি পেয়েছেন, এমন একজন ব্যক্তিকে নিয়ে গতকাল অনেক আলোচনা হয়েছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে কয়েক দিনে ছয়জনকে নিয়ে গণমাধ্যমে লেখা হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের অধিকাংশ কেন্দ্রীয় নেতাই রয়েছেন ধোঁয়াশায়। এমন অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যেই রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে নির্বাচন কমিশনে। কে ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন তা নিশ্চিত হতে কমিশনে মনোনয়নপত্র জমা পড়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে দেশবাসীকে।

সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে, তিনিই হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। শেষ সময়ে দুই-তিনটি নামের বিষয়ে আলোচনা শোনা যাচ্ছে।

আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আলোচনা করে জানা গেছে, এবারই প্রথম রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মনোনয়নপত্র দাখিলের আগে চূড়ান্ত নাম জানা গেলে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি প্রার্থীকে বিতর্কিত করতে পারে। এ কারণে শীর্ষ নেতৃত্ব কৌশলী হয়েই নাম চূড়ান্ত করছেন। নির্বাচনে কমিশনে নাম জমা দেওয়ার পরেই সেই নাম জানা যাবে।

গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দলটির সম্পাদকমণ্ডলীর এক সদস্যের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমি এখন নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরছি। রাষ্ট্রপতি পদে  প্রার্থী কে হচ্ছেন, তা এখনো ধারণা করতে পারছি না। ঢাকা ফিরলে জানা যাবে।’ তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ‘বাড়ি মাদারীপুর এবং বয়স ৭১ বছর এমন একজন রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর বিষয়ে শুরু থেকে সাবেক আমলা ও বিচারপতির নাম জোরালোভাবেই আলোচনায় ছিল। কিন্তু গত মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকের পরে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। সেখানে বর্তমান ও আগামী রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। সেই হিসেবে বলা যায়, এবারও কোনো পোড়খাওয়া নেতা, যিনি দল ও দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি শতভাগ আনুগত, তাকে মনোনয়ন দেওয়া হবে।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক ব্যক্তি রাষ্ট্রপতি হলে মোস্তাফিজুর রহমান ফিজার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মতিয়া চৌধুরীর সম্ভাবনা বেশি। রাজনীতিকের বাইরে হলে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ পদে আসতে পারেন।

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আরও আলোচনায় রয়েছেন মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নামও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় শেখ কবির হোসেনের নামও।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘কে হবেন রাষ্ট্রপতি, সে সম্পর্কে কিছুই জানি না।’

নির্বাচন কমিশন সচিবালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে কোনো ফরম সংগ্রহ করা হয়নি। অবশ্য রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ ও রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা-১৯৯১-এর বিধান মতে, ফরম সংগ্রহ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা বলা নেই। নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তাও একই কথা জানান। তারা বলেন, আইন ও বিধিমালায় ফরম দাখিলের কথা বলা আছে। বলা আছে, দাখিলের আনুষ্ঠানিকতার কথাও।

জানা গেছে, নির্বাচন বিধিমালায় মনোনয়ন ফরমের (ফরম-ক) কথা উল্লেখ আছে। সেখানে ফরমের নমুনা দেওয়া রয়েছে। তবে ওই ফরম ইসি থেকে সংগ্রহ করতে হবে এমনটি বলা নেই। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ফরমের কথা যেভাবে বলা আছে তাতে কেউ চাইলে ইসি থেকে সংগ্রহ করে তা জমা দিতে পারেন। আবার চাইলে নমুনার হুবহু ফরম নিজেরা তৈরি করে জমা দিতে পারেন। তবে দাখিলের সময় তাতে প্রার্থীর পাশাপাশি প্রস্তাবক ও সমর্থক হিসেবে দুজন সংসদ সদস্যের স্বাক্ষর থাকতে হবে। একজন সংসদ সদস্যকে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অন্যান্য নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় ভোটার তালিকা/সিডি সংগ্রহ করার বিধান থাকায় অর্থের বিনিময়ে তা সংগ্রহ এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত দেওয়ার বাধ্যবাধকতা থাকায় ব্যাংক ড্রাফট জমা দেওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এ দুটির কোনোটিরই দরকার নেই। ফলে ফরম সংগ্রহের আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে না।

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র বাছাই ১৩ ফেব্রুয়ারি। প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি। সংসদ ভবনে ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অবশ্য রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিনেই একক প্রার্থীকে রাষ্ট্রপতি পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এটি মোটামুটি নিশ্চিত। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত