বন্দুক ও চোরাই ১০ ল্যাপটপসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ১০টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত রবিবার দুপুর ও রাতের বিভিন্ন সময় পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান। গ্রেপ্তাররা হলো, সন্দ্বীপ উপজেলার গাছুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে হুমায়ুন কবির, নোয়াখালীর বেগমগঞ্জ থানার অম্বলনগরের সিরাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ও চট্টগ্রামের বায়েজীদ খান থানার অজুদ ভূঁইয়ার ছেলে আক্তারুজ্জামান।

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, গত শনিবার দুপুরে মিরসরাই থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে থেকে হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ। এসময় আরও একজন পালিয়ে যায়। মোটরসাইকেলের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে তালা কাটার একটি ব্লেড, একটি লোহার শাবল, একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত কয়েক মাসে মিরসরাই থানা এলাকার প্রায় সব চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া স্বীকারোক্তি অনুয়াযী অন্য দুজনকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করে নেওয়া ১০টি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন বায়েজীদ থানা এলাকার দেলোয়ার হোসেনের বাসা থেকে উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান বলেন, ‘চক্রটি চট্টগ্রামের প্রতিটি উপজেলায় ঘুরে ঘুরে চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এ চক্রের অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত