চট্টগ্রামে গ্রাহকের ১ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ইস্টার্ন ব্যাংকের এক কর্মকর্তাকে ২৭ বছর এবং দুই ব্যবসায়ীকে ১০ ও ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাদের অর্থদণ্ডও দিয়েছেন আদালত।সোমবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুনসী আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির, পূর্বমাদার বাড়ির দারোগারহাট রোডের আবদুল সবুর মাস্টারবাড়ির আব্দুল মাবুদ ও নোয়াখালীর সোনামুড়ির রায়পুর বেপারী বাড়ির জাকির হোসেন বাপ্পী।
দুদকের পিপি অ্যাডভোকেট মজিবুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ব্যাংক কর্মকর্তা কবীরকে ২৭ বছর কারাদণ্ড ও ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। তবে বিভিন্ন ধারায় একত্রে সাজা হওয়ায় তাকে মোট ১৪ বছর কারাভোগ করতে হবে। একইভাবে আবদুল মাবুদের ১০ বছর কারাদণ্ড হলেও পাঁচ বছর ও জাকির হোসেন বাপ্পীর ৮ বছরের পরিবর্তে তিন বছর সাজা ভোগ করতে হবে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইফতেখারুল কবির ২০১৬-২০১৯ সাল পর্যন্ত আলী করিম নামের এক গ্রাহকের চারটি ভুয়া এফডিএ খোলেন। জাল কাগজপত্র করে ওই গ্রাহককে দেন। একই সময় ঐ গ্রাহকের কাছ থেকে ৮টি চেক সই করে রাখেন। পরে একটি চেকের মাধ্যমে ৬৯ লাখ ৭০ হাজার টাকা আসামি আব্দুল মাবুদের মালিকানাধীন জুলেখা ট্রেড ইন্টারন্যাশনালের ব্যাংক হিসাবে এবং অপর একটি চেকের মাধ্যমে ১০ লাখ টাকা জাকির হোসেন বাপ্পীর মালিকানাধীন লাবিবা ট্রেডিং এর ব্যাংক হিসাবে পাঠান। এভাবে আসামিরা ১ কোটি ৫৯ লাখ এক হাজার ৯৮২ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৯ সালের ৩ অক্টোবর তিনজনকে আসামি করে মামলা দায়ের করে দুদক।
